রাশেদ খান

জামায়াত ক্ষমতায় গেলে আওয়ামী লীগের চেয়েও ফ্যাসিস্ট হবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ১২:০২ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো ক্ষমতায় গেলে আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ ফ্যাসিস্ট হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ওরা ক্ষমতায় গেলে কারও রক্ষা হবে না।’

শনিবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, আমার লেখালেখির কারণে জামায়াত-শিবিরের নাকি খুব ক্ষতি হচ্ছে। এই কারণে বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগ করে তুরস্ক থেকে ১৬টিরও বেশি ভুয়া কপিরাইট ক্লেইম (দাবি) করে আমার আইডি আট দিনের জন্য স্থগিত (সাসপেন্ড) করে দেওয়া হয়। আট দিন পর আজ আইডিতে পোস্ট করার সুযোগ পেলাম, তবে কপিরাইট ক্লেইমগুলো এখনো সমাধান হয়নি। আমি গণমাধ্যমের কিছু ফটোকার্ড শেয়ার করেছিলাম, যার জন্য কোনো মিডিয়ার পক্ষ থেকে কপিরাইট ক্লেইম করা হয়নি। বরং তুরস্ক বসে এই কপিরাইট ক্লেইম করেছে জামায়াত-শিবিরের নিয়োগকৃত লবিস্ট টিম।

জামায়াত-শিবির ভিন্নমতে বিশ্বাস করে না বলে অভিযোগ তুলে তিনি বলেন, আমার আইডিতে ওদের সাইবার আক্রমণ ও মা-বাবাকে তুলে গালিগালাজই তার বড় প্রমাণ। ওরা নাকি আমাকে রাজনৈতিকভাবে হত্যা করতে চায়। ওদের ভুয়া ও মিথ্যা ন্যারেটিভ (বক্তব্য) মানুষের সামনে তুলে ধরাই হচ্ছে আমার বড় অপরাধ।

এই পরিস্থিতির কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, কখনো জামায়াত ক্ষমতায় গেলে আওয়ামী লীগের চেয়েও ফ্যাসিস্ট হবে। এই ফ্যাসিস্ট রাজনৈতিক দল সম্পর্কে এখন থেকেই আমাদের সোচ্চার হতে হবে। নতুবা ওরা কখনো ক্ষমতায় গেলে কারও রক্ষা হবে না। ওরা একাত্তরে পরাজিত হওয়ার প্রতিশোধ কঠিনভাবেই নেবে বলে আমার ধারণা।

জেএইচআর