এম এ মান্নান, চৌগাছা (যশোর)
সেপ্টেম্বর ২, ২০২৫, ০৮:৫১ পিএম
যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী সংরক্ষণ ও বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান। জরিমানা আদায় করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৯ ধারা অনুযায়ী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে হাই চয়েজের প্রোপ্রাইটর উজ্জল কুমারকে ৫ হাজার টাকা, নিউ দিছার স্টোরের মালিক আলমগীর হোসেনকে ৫ হাজার টাকা, এবং একই অপরাধে টপশপ দোকানের মালিক সোহান হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, এই দোকানগুলো দীর্ঘদিন ধরে ক্ষতিকর, বেনামী ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী সংরক্ষণ ও বিক্রির পাশাপাশি ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছে। একাধিকবার জরিমানা সত্ত্বেও তারা পুনরায় একই অনিয়ম করছে।
অভিযান চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, তার পেশকার অলক কুমার বিশ্বাস এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান বলেন, “ভেজাল ও নকল প্রসাধনী সংরক্ষণ ও বিক্রি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ইএইচ