বরগুনা প্রতিনিধি
জুন ৩, ২০২৬, ০৮:০২ পিএম
বরগুনা জেলা শহরের আবুল হোসেন ঈদগাহ মাঠসংলগ্ন জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেল ৫টার দিকে জেলা পরিষদের মালিকানাধীন ডাকবাংলোর তৃতীয় তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নারী স্মৃতি রানী বরগুনা কালীবাড়ি এলাকার বাসিন্দা। তিনি জেলা পরিষদের ডাকবাংলোতে পার্টটাইম ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া প্রায় ১৬ বছর ও আড়াই বছরের দুই শিশুকন্যা তার সন্তান।
পুলিশ সূত্রে জানা যায়, ডাকবাংলোর ৩ নম্বর কক্ষে আনুমানিক ১৬ বছর বয়সী এক কিশোরীর মরদেহ বিছানার ওপর পড়ে থাকতে দেখা যায়। পরে পাশের ৪ নম্বর কক্ষের দরজা ভেঙে স্মৃতি রানী ও প্রায় আড়াই বছর বয়সী অপর এক শিশুকন্যার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. আলীম জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এম জি