এম এ মান্নান, চৌগাছা (যশোর)
সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৭:৩৮ পিএম
যশোরের চৌগাছায় এক দৃষ্টিহীন পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার বিকেলে উপজেলার বাড়ীয়ালী গ্রামে হাজির হন যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান।
এ সময় তিনি পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং চিকিৎসার আশ্বাস দেন। পরে তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এই পরিবারে মা ও দুই মেয়ে—মোট তিনজন—দৃষ্টিহীন। এছাড়া উপজেলায় বিএনপির অসুস্থ অবস্থায় থাকা বিভিন্ন নেতাকর্মীর খোঁজখবরও নেন মিজানুর রহমান খান।
পাশাপোল ইউনিয়নের বাড়েয়ালী গ্রামের বাসিন্দা মোহাম্মদ মিলন মন্ডল শ্রমিকের কাজ করে দিন আনা-দানা চালাচ্ছেন। তাঁর স্ত্রী ও দুই কন্যা দৃষ্টিহীন হওয়ায় সংসারে দারিদ্র্য বৃদ্ধি পায়। খবরটি জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই পরিবারের পাশে দাঁড়ানো হয়।
যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বলেন, “মা ও দুই দৃষ্টিহীন কন্যা নিয়ে পরিবারটি দীর্ঘদিন অসহায় ও অসচ্ছল অবস্থায় জীবনযাপন করছে। বিএনপি মানবতার দল। গণমানুষের জন্য কাজ করে। তাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তাদের সংসারের খোঁজখবর ও চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। পরে পরিবারের চোখের সুচিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী বুদ্দিন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নানসহ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২১ বছর ধরে মিলন স্ত্রী ও পরিবারের সঙ্গে সুখী জীবন কাটাচ্ছিলেন। কিন্তু পাঁচ বছর আগে হঠাৎই স্ত্রীর দুই চোখ নষ্ট হয়ে যায়। নয় বছর বয়সী বড় মেয়ে মারুফা ইয়াছমিন জন্ম থেকেই অন্ধ, আর সাত বছর বয়সী ছোট মেয়ে মরিয়ম খাতুনের একটি চোখ দুই বছর আগে অন্ধ হয়ে যায় এবং অপর চোখে খুব কম দেখার সক্ষমতা রয়েছে। ফলে মিলন হোসেন ও তার পরিবার গভীর দুশ্চিন্তায় রয়েছেন।
ইএইচ