সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৫, ০৪:২৮ পিএম
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় তড়কা (এনথ্রাক্স) রোগ প্রতিরোধে মাংস প্রক্রিয়াজাতকারীদের নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সচেতনতামূলক সভার আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর, সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসানুল হুদা, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, সিনহা মাংস ঘরের সবুজ, সফিজল ও সাদেকসহ অন্যান্যরা।
এসময় মাংস ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, কসাই ও মাংস প্রক্রিয়াজাতকারীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা তড়কা (এনথ্রাক্স) রোগের কারণ, সংক্রমণ প্রক্রিয়া, প্রতিরোধ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
তারা জানান, এনথ্রাক্স একটি ভয়াবহ সংক্রামক ব্যাধি যা সংক্রমিত পশু থেকে মানুষের শরীরে ছড়াতে পারে। তাই পশু জবাইয়ের আগে অবশ্যই পশুর স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং জবাই ও মাংস প্রক্রিয়াজাতের সময় গ্লাভ্স, অ্যাপ্রন, মাস্কসহ প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করা জরুরি।
তারা আরও বলেন, তড়কা রোগ প্রতিরোধে সবার আগে সচেতনতা বাড়াতে হবে। অসুস্থ বা মৃত পশু জবাই না করা এবং সন্দেহজনক কোনো প্রাণীর মৃত্যুর ঘটনা ঘটলে দ্রুত প্রাণিসম্পদ দফতরকে জানানো উচিত।
সভায় অংশগ্রহণকারীরা তড়কা রোগ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং স্বাস্থ্যবিধি মেনে মাংস প্রক্রিয়াজাতকরণে সচেতন হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, যে গত মাসে পার্শ্ববর্তী উপজেলা সুন্দরগঞ্জে এনথ্রাক্স রোগে ১১ জনের আক্রান্তের কারণে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। এজন্য জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও মাংস বিক্রেতারা যাতে স্বাস্থ্যবিধি মেনে মাং বিক্রি করে সেজন্য এ মতবিনিময় সভা করা হয়।
জেএইচআর