আ. আলিম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)
অক্টোবর ২১, ২০২৫, ০৮:৩৩ পিএম
ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনে বিধি মোতাবেক তফসীলের নোটিশ যথাযথভাবে প্রকাশ না করে গোপনে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
এ বিষয়ে মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলা গণঅধিকার পরিষদের জেলা সেক্রেটারি আব্দুস সোবহানের সহযোগিতায় পীরগঞ্জ উপজেলার অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর যৌথভাবে অভিযোগ করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, নির্বাচন স্থগিত করে পূর্বের নির্বাচনি তফসিল বাতিল করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের বিধি মোতাবেক তফসীলের নোটিশ যথাযথভাবে প্রকাশ না করে গোপনে দেওয়া হয়েছে। অধিকাংশ অভিভাবক নির্বাচনের তারিখ, মনোনয়ন জমাদানের সময় এবং ভোটার তালিকা সম্পর্কে অবহিত ছিলেন না। বিদ্যালয়ে বর্তমানে কর্মবিরতি চলছে, কোনো অভিভাবক স্কুলে উপস্থিত হন না। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রধান শিক্ষক গোপনে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের পাঁয়তারা করছেন। অভিভাবকরা মনে করছেন, প্রধান শিক্ষকসহ কয়েকজন কুচক্রী ব্যক্তি পকেট কমিটি গঠনের চেষ্টা করছেন। এটি প্রাচীন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির জন্য হুমকি স্বরূপ।
অভিভাবকরা বিধি অনুযায়ী নির্বাচনের প্রক্রিয়া স্থগিত করে নতুনভাবে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নতুন তফসিল ঘোষণা ও সু-ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজু মুঠোফোনে বলেন, "নতুন করে আবার তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য যা যা করণীয় তাই করব।"
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, "পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে কিছু অভিভাবক অভিযোগ করেছেন। এর পরিপ্রেক্ষিতে পূর্বের সকল কার্যক্রম বাতিল করে নতুনভাবে তফসিল ঘোষণা করা হবে এবং নির্বাচন গণতান্ত্রিকভাবে সম্পন্ন হবে।"
ইএইচ