মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়
জুন ৪, ২০২৬, ১০:১১ এএম
পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের বাগডোকরা ঘাটে করতোয়া নদী থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (২০২৩ সালে সংশোধিত) অনুযায়ী উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ এলাকার বারুনিডাঙ্গা গ্রামের আবুল কালামের পুত্র অভিযুক্ত শামিম ইসলামকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসিফ। এ সময় বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসিফ জানান, অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে বালু উত্তোলনের একটি ভিডিও দেখে এবং ঘটনাস্থলে এসে এর সত্যতা পাওয়ায় শামিম ইসলামকে ৭০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। ভবিষ্যতে যাতে করতোয়া নদী থেকে ভেকু মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করা না হয়, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জানা যায়, করতোয়া নদী থেকে কৌশলে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভেকু মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করা হচ্ছিল। ভেকু মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের ফলে নদীর তলদেশের প্রাণ-প্রকৃতির ক্ষতি সাধিত হচ্ছিল।
এ বিষয়ে বালুমহাল ইজারাদার রায়হানুল আলম প্রধান রিয়েল জানান, “আমি এ বিষয়ে জানি না। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছি।”
এএন