হবিগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২, ২০২৫, ০৩:৩৭ পিএম
হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান কনসার্টে ঘটে ন্যাক্কারজনক ঘটনা। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। এ ঘটনায় শহরজুড়ে চলছে সমালোচনার ঝড়।
শনিবার রাতে হবিগঞ্জ শহরের জালাল স্টেডিয়ামে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই কনসার্টে হাজারো দর্শক উপস্থিত ছিলেন। জনপ্রিয় গান পরিবেশনের সময় উৎসবমুখর পরিবেশে দর্শকরা গানে-গানে মেতে ছিলেন। এসময় কিছু দুর্বৃত্ত সুযোগ নিয়ে একাধিক নারীর গলার চেইন টানা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
ঘটনার পরপরই দর্শকদের মধ্যে হইচই শুরু হয়। এক পর্যায়ে বোতল, চেয়ার নিক্ষেপ ও হাতাহাতির মাধ্যমে পরিস্থিতি মারামারিতে রূপ নেয়। আতঙ্কে দর্শনার্থীরা ছুটোছুটি শুরু করলে শিশু ও নারীরা বিশেষভাবে বিপাকে পড়েন। এতে অন্তত ৩০ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশৃঙ্খলার সময় কিছু নারীর ওপর শারীরিক হেনস্তার ঘটনাও ঘটে, যা পুরো শহরে ক্ষোভের সৃষ্টি করেছে।
সচেতন মহল অভিযোগ করেছেন, আয়োজকরা পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। তারা মনে করেন, কলেজের দায়িত্বশীলদের নেতৃত্বে স্বেচ্ছাসেবক নিয়োগ দিলে এমন পরিস্থিতি তৈরি হতো না।
এ ঘটনায় হবিগঞ্জজুড়ে নিন্দা ও সমালোচনার ঝড় বইছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জেএইচআর