দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
নভেম্বর ৩, ২০২৫, ০৪:৪৪ পিএম
অহিংসা পরম ধর্ম গৌতম বুদ্ধের মর্মবানী ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় বিনন্দচুগ রাজগুরু অগ্রবংশ বিদর্শন ভাবনা কেন্দ্রে ২০তম দানোত্তম কঠিন চীবরদান উদযাপনের মাধ্যমে দীঘিনালায় শান্তিপূর্ণ মাসব্যাপি বৌদ্ধ ধর্মালম্বীদের দানোত্তম কঠিন চীবরদান উৎসব সম্পন্ন হয়েছে।
সোমবার সকালে বিনন্দচুগ রাজগুরু অগ্রবংশ বিদর্শন ভাবনা কেন্দ্রে পরিচালনা কমিটি ও দায়ক দায়ীকা উপাসক উপসীকাদের আয়োজনে স্বধর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, দীঘিনালা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ভদন্তঃ শ্রদ্ধালংকার মহাথের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রধান, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ সহ-অর্থ সচিব ভদন্তঃ সুমনা নন্দ মহাথের, ধ্যানমতি মহাথের এবং দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা।
ধর্মীয় নির্দেশনায় ভিক্ষুরা বলেন, “অহিংসা পরম ধর্ম গৌতম বুদ্ধের বানী অন্তরে ধারণ করে হিংসা এবং বিদেষ ভুলে সকলকে আপন করে নিতে হবে। তাহলে সমাজে কোনো অন্যায় থাকবে না। সকলে মধ্যে শান্তি ও সম্প্রীতি বন্ধন সৃষ্টি হবে।” এছাড়া দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান বলেন, “বৌদ্ধ ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব মাসব্যাপি কঠিন চীবরদান আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ এবং স্থানীয় সকল সম্প্রদায়ের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ধর্মীয় আচার অনুষ্ঠান সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় করেছে।”
উল্লেখ্য, দীঘিনালা উপজেলায় এবছর ৩৮টি বৌদ্ধ বিহার ও ১০টি বনবিহারে কঠিন চীবরদান উৎসব উদযাপন করা হয়েছে।
ইএইচ