এম এ মান্নান, চৌগাছা (যশোর)
ডিসেম্বর ৩, ২০২৫, ০১:৪৬ পিএম
যশোরের চৌগাছা বাজারে মাত্র পনের দিনের ব্যবধানে ফের পাঁচটি দোকানের শাটার ভেঙে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।
বুধবার সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে চোরেরা পৌর শহরের সিটিপ্লাজা সুপার মার্কেটে এই চুরির ঘটনা ঘটায়।
শহরের বিভিন্ন মোড়ে মোড়ে স্থাপিত সিসি ক্যামেরায় ধরা পড়া ভিডিও দেখে জানা যায়, বাজারের নাইটগার্ড রাত শেষে সকালে বাড়ি চলে যাওয়ার পর সকাল ৭টার দিকে চোরেরা সিটি প্লাজা সুপার মার্কেটে হানা দেয়। এ সময় তারা এ মার্কেটের খায়রুল আলমের নুর জাহান বার্মিজ ঘর দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে ক্যাশ ভেঙে নগদ ৩৪ হাজার টাকা চুরি করে। সোহান রহমানের টপসপ স্টোরের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ ২১ হাজার টাকা ও মালামাল নিয়ে যায়। কবির হোসেনের সুপার লিবাটি ঘরের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ ২৫ হাজার টাকা ও মালামাল নিয়ে যায়। শ্রী রাবন পালের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ ১২ হাজার টাকা ও মালামাল নিয়ে যায়। এ সময় মার্কেটের দ্বিতীয় তলায় নাসরিন খাতুনের সুন্দরী বিউটি পার্লারের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ ৩৭৫ টাকা ও মালামাল নিয়ে যায়।
টপসপ দোকানের মালিক সোহান রহমান বলেন, সারাদিন বেচাকেনা করে রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। সকালে মোবাইলে খবর পান দোকানে চুরি হয়েছে।
এদিকে গত ১৯ নভেম্বর চোরেরা শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় হানা দিয়ে সজিব হোসেনের পপি পলি বস্ত্র বিতান, মুজিবুর রহমানের নাহিদ কোল্ড স্টোর অ্যান্ড গার্মেন্টস, কামরুজ্জামান রিপনের বধুয়া গার্মেন্টস, শামীম রেজার শামীম কালেকশন দোকান থেকে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। চোরেরা মহেশপুর বাসস্ট্যান্ড এলাকায় ওসেত রায়ের হাজরা খানা স্টোর মুদি দোকানের ক্যাশ বাক্সে থাকা খুচরা ১০ হাজার টাকা এবং আমল কুমারের আমল স্টোর মুদি দোকানের ক্যাশ বাক্স থেকে ১ লাখ ৫০০ টাকা ও কিছু দামি মালামাল চুরি করে নিয়ে যায়।
গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার রাতে পৌর শহরের শফি উদ্দীন মল্লিক মার্কেটেও হানা দেয় চোরেরা। চোরেরা এ মার্কেটের তিনটি দোকানের শাটার ভেঙে নগদ ২ লাখ ৭৮ হাজার ৫শ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়। চোরেরা এ মার্কেটের চৌগাছা ডিজিটাল স্টুডিও, আল্লাহর দান হোমিও হল ও সুমন গার্মেন্টসের শাটার ভেঙে চুরি করে।
১ অক্টোবর ভোর রাতে চোরেরা পৌর শহরের প্রেসক্লাব মোড়ে মেসার্স শাওন এন্টারপ্রাইজ নামে একটি মুদি দোকানের ভেন্টিলেটর কেটে ভেতরে প্রবেশ করে। চোরেরা নগদ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ও ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দোকানের মালিক আব্দুল মজিদ বাদী হয়ে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব বলেন, শহরের বিভিন্ন মোড়ে মোড়ে স্থাপিত সিসি ক্যামেরায় ধরা পড়া ভিডিও দেখে জানা যায়, বাজারের নাইটগার্ড রাত শেষে সকালে বাড়ি চলে যায়। পরে সকালেই চোরেরা শহরের সিটিপ্লাজা এলাকায় হানা দেয়। সকল ব্যবসায়ীকে আরও সাবধান করা হয়েছে। নাইটগার্ডদের সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। চোর ধরার জন্য পুলিশ অভিযান চলছে।
ইএইচ