হেলাল মজুমদার, ভেড়ামারা
জানুয়ারি ১৫, ২০২৬, ০৭:১৮ পিএম
কুষ্টিয়ার ভেড়ামারা শহরের প্রধান সড়কের ফুটপাত দখল করে গড়ে উঠেছে দোকান। ফুটপাতগুলোতে উচ্ছেদ অভিযান চালিয়ে দখলমুক্ত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এ শিরোনামে গত দুই দিন আগে দৈনিক আমার সংবাদে খবর প্রকাশের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত বাসস্ট্যান্ড থেকে হিসনা নদী পর্যন্ত ফুটপাত দখলকারীদের কবল থেকে উচ্ছেদ করল ভেড়ামারা উপজেলা প্রশাসন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, উচ্ছেদ অভিযানের গত দুই দিন আগে উপজেলার পক্ষ থেকে ফুটপাত অবমুক্ত করার জন্য সময় নির্ধারণ করে মাইকিং করা হয়েছিল। সময়টা ছিল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত।
এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ভেড়ামারা পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এক সঙ্গে বিকেল তিনটা থেকে ভেড়ামারা বাসস্ট্যান্ড থেকে হিসনা নদী পর্যন্ত ফুটপাত অবমুক্ত করার জন্য অভিযান পরিচালনা করা হয়। এর পরেও যদি আবারও ফুটপাত দখল করে মানুষের চলাচলের বিঘ্ন সৃষ্টি করলে পরবর্তীতে জেল জরিমানা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, ভেড়ামারা পৌরসভার সচিব সরোয়ার হোসেন ও ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম। এ ছাড়াও গণমাধ্যমকর্মী, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ প্রশাসন উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করেন।
ইএইচ