মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৬, ০৬:৪৬ পিএম
জুলাইয়ের ঐতিহাসিক আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা শুরু করেছেন মাগুরা-২ আসনে দশ দলীয় জোট মনোনীত প্রার্থী এম বি বাকের।
বৃহস্পতিবার সকালে মাগুরার মহম্মদপুর উপজেলায় ২৪ জুলাই আন্দোলনের শহীদ আহাদ ও শহীদ সুমনের কবর জিয়ারত করেন তিনি।
এ সময় শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে শহীদদের স্মৃতির সামনে দাঁড়িয়ে দেশ, গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে নিজের রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এম বি বাকের।
এরপর মহম্মদপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে দশ দলীয় জোটের উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী পুরুষ, শিক্ষার্থী, যুবক, কৃষক ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারা এম বি বাকেরের প্রতি সমর্থন জানান।
মানববন্ধনে বক্তব্যে এম বি বাকের বলেন, “শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক অধিকার রক্ষা করাই আমাদের প্রধান দায়িত্ব। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমরা নির্বাচনী মাঠে নেমেছি।”
শহীদদের স্মরণে শুরু হওয়া এ কর্মসূচিকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ কর্মসূচির মাধ্যমে দশ দলীয় জোটের নির্বাচনী তৎপরতা নতুন গতি পেয়েছে।
ইএইচ