তারেক পাঠান, পলাশ (নরসিংদী)
জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:৩৯ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে গণভোটের বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশব্যাপী প্রচারণায় নেমেছে বিশেষায়িত যান ‘সুপার ক্যারাভান’।
এ প্রচারণার অংশ হিসেবে শনিবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার পলাশ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করে ‘ভোটের গাড়ি’। সন্ধ্যা পর্যন্ত গণভোটের প্রচারণায় বিভিন্ন প্রদর্শনী দেখানো হয়।
এ সময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকীন মাশরুর খান এবং পলাশ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, ‘ক্যারাভান থেকে আগামী সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর প্রস্তাবিত গণভোটের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও এর তাৎপর্য জনসাধারণের সামনে তুলে ধরা হয়েছে। আধুনিক প্রযুক্তি ও তথ্য-সংবলিত ক্যারাভানটি নাগরিকদের ভোটাধিকার এবং রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে সচেতন করতে সারা দেশে পরিভ্রমণ করছে।’
পলাশে এই বিশেষ প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণ করতে এবং নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন তথ্য জানার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক লোকজন উপস্থিত হন।
ইএইচ