দিনাজপুর প্রতিনিধি
জানুয়ারি ২৯, ২০২৬, ০৬:২৭ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বেস ক্যাম্প স্থাপন সম্পন্ন হয়েছে।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত ৭৫০ জন বিজিবি সদস্য মোতায়েন রাখা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিজিবি কর্তৃপক্ষ জানায়, প্রতিটি বেস ক্যাম্পে ৪০ থেকে ৮০ জন করে বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ভারতের সাথে সীমান্তঘেঁষা দিনাজপুরের পাঁচটি উপজেলাকে, যেখানে বাড়তি নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
ব্রিফিংয়ে আরও বলা হয়, দিনাজপুর জেলার ছয়টি নির্বাচনী এলাকায় সর্বমোট ৩৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবেন। তাঁরা সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের সাথে সমন্বয় করে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করবেন।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন ৪২ বিজিবি, দিনাজপুর সদরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইএইচ