মহুয়া জান্নাত মনি, রাঙামাটি
ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:০০ পিএম
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী।
রোববার সকাল ৯টায় বাঘাইহাট জোনের উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. তারেকুল ইমরানের তত্ত্বাবধানে সাজেক ইউনিয়নের গঙ্গারাম এলাকায় ৫১১ জন পাহাড়ী ও বাঙালি রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। বাঘাইহাট জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাহনেওয়াজ সুশান রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর মো. সালমান সিদ্দিক, সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা, গঙ্গারাম এলাকার কারবারি জ্যোতি লাল চাকমা এবং ব্যবসায়ী বাবুধন চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লে. কর্নেল মো. তারেকুল ইমরান বলেন, ‘দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষ চিকিৎসার অভাবে অনেক কষ্ট পাচ্ছেন। তাদের কথা চিন্তা করেই আমাদের এ উদ্যোগ। এর আগে আমরা ভূয়াছড়ি, মাসালং ও বাঘাইহাট এলাকায় চিকিৎসাসেবা প্রদান করেছি।
তারই ধারাবাহিকতায় আজ গঙ্গারাম এলাকায় এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। জনকল্যাণে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
ইএইচ