সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৫:১৬ পিএম
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইয়ের ঘটনার পর গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত হয়েছেন।
শুক্রবার ভোর প্রায় ৪টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দমুজাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝাউলা বাজার এলাকার দুখু মিয়ার স্ত্রী নাছিমা বেগম ঢাকা থেকে ভোরে পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর এলাকায় বাস থেকে নামেন। কোনো যানবাহন না পেয়ে তিনি স্বামীকে ফোন দিলে দুখু মিয়া ভ্যান নিয়ে তাঁকে আনতে যান। পরে স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে মাদারহাট ব্রিজ এলাকায় দুটি মোটরসাইকেলে থাকা ছয়জন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাঁদের পথরোধ করে।
ছিনতাইকারীরা এ সময় তাঁদের কাছ থেকে নগদ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ও স্বর্ণ-রূপার গহনাসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়। ঘটনাটি তাৎক্ষণিক মোবাইল ফোনে জানানো হলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে অবস্থান নেন। একপর্যায়ে তিন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী বাঁশ ফেলে রাস্তা অবরোধ করেন। এতে তিন আরোহীসহ মোটরসাইকেলটি পুকুরে পড়ে গেলে জনতা দুজনকে আটক করতে সক্ষম হয় এবং অপর একজন পালিয়ে যায়।
উত্তেজিত জনতা আটক দুজনকে খোর্দ্দমুজাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত দুজনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
গাইবান্ধা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুন্ড জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। প্রাথমিকভাবে নিহতরা পলাশবাড়ী উপজেলার ময়নুল ইসলাম (৩২) এবং আবু তালেব (৩০) বলে জানা গেছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জেএইচআর