পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
মার্চ ৭, ২০২৬, ১১:৪৩ এএম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাওসার আহাম্মেদ রবিন নামের ১৯ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার হোসেন্দী পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ। ভিকটিম শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত রবিন হোসেন্দী পূর্বপাড়া গ্রামে তার নানার বাড়িতে থাকতো। তার বাবার নাম কবির মিয়া এবং তাদের পৈত্রিক বাড়ি সিলেটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রবিন দীর্ঘদিন ধরে হোসেন্দী পূর্বপাড়া গ্রামে নানার বাড়িতে বসবাস করে আসছে। শুক্রবার দুপুরে সে পাশের বাড়ির চার বছরের এক শিশুকে কৌশলে নিজ বসতঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় শিশুটির চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে এলে রবিন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে ধরে ফেলে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেএইচআর