ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মার্চ ৯, ২০২৬, ০৫:৪৭ পিএম
স্বামীর ক্রয় করা বৈধ জমি প্রভাবশালী মহলের দখলে চলে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন অসহায় বিধবা নারী। জমির বৈধ কাগজপত্র ও নামজারি থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে দখলমুক্ত করতে না পেরে অবশেষে উপজেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি। ভুক্তভোগী নাজনীন সুলতানা টাঙ্গাইলের ভূঞাপুরের ভারই গ্রামের বাসিন্দা এবং মৃত এখলাছ উদ্দিনের স্ত্রী।
ভুক্তভোগী নাজনীন সুলতানা জানান, তার স্বামী ১৯৮৪ সালে ভূঞাপুর পৌরসভার রসুনা মৌজায় হাল দাগ ৭৮ এ ৯ শতাংশ এবং হাল দাগ ১০৩ এ ৭ শতাংশ মোট ১৬ শতাংশ জমি ক্রয় করেন। এরপর থেকে জমিটি নিয়মিত বর্গা দেওয়া হয় এবং বর্গাচাষীরা সেখানে চাষাবাদ করে আসছিলেন।
কিন্তু ২০০৮ সালে তার স্বামীর মৃত্যুর পর অসহায় হয়ে পরেন তিনি। এই সুযোগে স্থানীয় একটি প্রভাবশালী মহল ও বর্গাচাষীরা জোরপূর্বক জমিটি দখল করে নেয় বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে একাধিকবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও কোনো প্রতিকার পাননি ভুক্তভোগী নাজনীন সুলতানা।
পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে সহকারী কমিশনার (ভূমি) ২০২৫ সালের ২৬ নভেম্বর একটি আদেশ প্রদান করেন। সেই আদেশের প্রেক্ষিতে নামজারি মামলা নং-৪২৬৬ সম্পন্ন করে জমিটি নাজনীন সুলতানার নামে নামজারি করা হয় এবং তিনি নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন।
তবে নামজারি ও খাজনা পরিশোধ করা সত্ত্বেও এখনও প্রভাবশালী মহলটি জোরপূর্বক জমিটি দখলে রেখেছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি তাকে জমিতে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। জমিতে গেলে আমাকে এবং আমার ছেলেকে তারা মেরে ফেলার হুমকি দিচ্ছে।
এ ঘটনায় তিনি অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জমি বুঝিয়ে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান, সরেজমিনে তদন্ত করে এবং জমির কাগজপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।
এএন