টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
মার্চ ১০, ২০২৬, ০২:৫৮ পিএম
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ভূমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের অংশগ্রহণে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাত প্রতিরোধ এবং দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম নিয়ে বাস্তবভিত্তিক মহড়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা সমবায় কর্মকর্তা, আইসিটি কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার বেদার উদ্দিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
পরে আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের পূর্বাভাস ও আগাম প্রস্তুতি মানুষের জীবন রক্ষা এবং সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। সঠিক প্রশিক্ষণ, সমন্বিত উদ্যোগ এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে দুর্যোগজনিত প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব বলেও তারা উল্লেখ করেন।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত থেকে মহড়া প্রত্যক্ষ করেন।
এএন