জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
মার্চ ১০, ২০২৬, ০৫:২০ পিএম
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হতদরিদ্র মানুষের কল্যাণ ও সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন। তিনি আরও বলেন, “এতে দুর্নীতির কোনো সুযোগ দেওয়া হবে না। সরকারি কার্যক্রমে কেউ যেন দুর্নীতির আশ্রয় না নিতে পারে, সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। এই সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর রাখবে।”
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠ থেকে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার পর বান্দরবানের লামা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে স্থানীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এসব কথা বলেন।
মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, “মা-বোনদের উন্নয়নের জন্য আমাদের মাতা, মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ব্যাপক কাজ করে গেছেন। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। সেটা যে ধর্মেরই হোক বা বর্ণেরই হোক, সবখানেই সম্প্রীতি বজায় থাকবে। আমরা সমতার ভিত্তিতে মানুষের কল্যাণে এগিয়ে যাব।” তিনি আরও যোগ করেন, “‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় প্রান্তিক ও হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিশেষ ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।”
মন্ত্রী জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এবং বিশেষ করে নারীদের ভাগ্যোন্নয়নে সরকার অতি অল্প সময়ের মধ্যে দেশব্যাপী ১৪টি উপজেলায় ৩৭ হাজার নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। তিনি বলেন, “এই কার্ডের মাধ্যমে দুস্থ পরিবারগুলো আগের চেয়ে অনেক বেশি উন্নত ও নিরাপদ জীবনযাপন করতে সক্ষম হবে।”
উল্লেখযোগ্য হলো, তালিকা তৈরিতে সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ভূমিহীন পরিবার, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের মানুষ, বেদে সম্প্রদায় এবং প্রান্তিক কৃষকদের অন্তর্ভুক্ত করে সরকার একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে চায়। বিশেষ করে নারীদের হাতে কার্ড তুলে দেওয়া হচ্ছে, যাতে তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা যায়।
ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ১ হাজার ৯৭টি পরিবারের নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবার নগদ ২৫০০ টাকা আর্থিক সহায়তা পাচ্ছে। মন্ত্রী এ ধরনের মহৎ কাজের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে পার্বত্যবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী, জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিলটন মুহুরী এবং লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। এছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
এএন