রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল
মার্চ ১৫, ২০২৬, ১১:৪৪ এএম
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছিলেন। আগামী দিনেও বিএনপি সবসময় সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থাকবে।
শনিবার টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ও সাংবাদিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আক্তার শামীম।
প্রতিমন্ত্রী টুকু বলেন, সাংবাদিকরা সবসময় কাজের মধ্যেই থাকেন। তারা অনেক সময় নিজেদের পরিবারকেও পর্যাপ্ত সময় দিতে পারেন না। সারাদিন সমাজের বিভিন্ন বিষয় নিয়ে সঠিক তথ্য তুলে ধরে সংবাদ পরিবেশন করেন তারা।
তিনি আরও বলেন, টাঙ্গাইলকে একটি আধুনিক ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। যাতে আগামী দিনে টাঙ্গাইলকে সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত একটি নিরাপদ শহরে পরিণত করা যায়।
অনুষ্ঠানে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি মু. জুবায়েদ মল্লিক বুলবুল এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন।
ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ, সাধারণ গ্রন্থাগারের সম্পাদক ও কবি মাহমুদ কামাল, দ্য ফিন্যান্সিয়াল টুডে পত্রিকার নির্বাহী সম্পাদক শাহীন আব্দুল বারী, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জেড আই খান, সাবেক সাধারণ সম্পাদক কামনা শীষ শেখর এবং প্রবীণ সাংবাদিক ও জেলা ক্ষেতমজুর পার্টির সভাপতি কমরেড ওয়াহেদুজ্জামান প্রমুখ।
এএন