আমার সংবাদ ডেস্ক
মার্চ ১৮, ২০২৬, ০৮:৪০ পিএম
বাগেরহাটের কচুয়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করে নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ২০২৪ সালের একটি দস্যুতা মামলার আসামি নাদিম শেখকে গ্রেপ্তারের উদ্দেশ্যে এসআই আনিচুর রহমান ও এএসআই ইমদাদুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে নাদিমকে আটক করা হলেও ফিরিয়ে আনার পথে তার ছোট ভাই সাগর শেখ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশ কনস্টেবল রাজু খানকে লক্ষ্য করে কোপ দিলে তার ডান হাত গুরুতর জখম হয়। হামলার সুযোগে নাদিম ও সাগর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত কনস্টেবল রাজু খানকে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাদিম শেখ খলিশাখালী গ্রামের মৃত গফফার শেখের ছেলে। তার বিরুদ্ধে দস্যুতা মামলার পাশাপাশি এলাকায় মারধর, চাঁদাবাজি ও জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুর রহমান বলেন, “আসামি নাদিমকে গ্রেপ্তারের পর ফেরার পথে তার ভাই পুলিশের ওপর হামলা চালায়। এতে আমাদের এক সদস্য গুরুতর আহত হয়েছেন। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
এএন