আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)
মার্চ ২৪, ২০২৬, ০৭:২৫ পিএম
টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের বাগানবাড়ি চৌরাস্তা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হওয়া এই আগুনে ৪টি সাইকেলের শোরুম পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭-৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মধুপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. বোরহান আলী জানান, দুপুর ১২টা ২৫ মিনিটে বাগানবাড়ি চৌরাস্তা বাজারে আগুন লাগার খবর পান তারা। সংবাদ পেয়ে দ্রুত ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি উল্লেখ করেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে সাইফুল ইসলামের একটি সাইকেল শোরুম, রনি সাইকেল স্টোর, হালিম সাইকেল স্টোর এবং মুখলেছ সাইকেল স্টোর। দোকানগুলো টিনশেড হওয়ায় এবং অগ্নিনির্বাপণের প্রাথমিক কোনো ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়।
ঘটনার পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জেএইচআর