পনির ভূঁইয়া, সোনারগাঁ
এপ্রিল ১, ২০২৬, ০৭:৪৮ পিএম
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বায়ুদূষণ কমাতে সরকারের সবুজায়ন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এটি বাস্তবায়িত হলে দেশ পরিবেশগতভাবে সমৃদ্ধ হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি বাসযোগ্য পৃথিবী পাবে।
বুধবার দুপুরে কাঁচপুর সেতুর পূর্বপাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের নির্বাচনী অঙ্গীকার '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম এবং উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম হক এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। পরিবেশ রক্ষায় এই বৃক্ষরোপণ অভিযান সারা দেশে পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে বলে জানানো হয়।
জেএইচআর