গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা
এপ্রিল ৪, ২০২৬, ০২:৫৬ পিএম
আর্ত মানবতার সেবায় নেত্রকোণার মদনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় মদন কোর্ট বিল্ডিং মাঠে মদন পৌর যুবদলের সাবেক সদস্য সচিব ও মদন পৌরসভার মেয়র পদে ধানের শীষের সাবেক মনোনীত প্রার্থী মো. এনামুল হকের সার্বিক তত্ত্বাবধানে ‘নেত্র আধুনিক চক্ষু হাসপাতাল’-এর চিকিৎসকদের সহযোগিতায় এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন মো. এনামুল হক। এ সময় মদন পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মো. এনামুল হক বলেন, “বিএনপি মা, মাটি ও মানুষের দল। আর্ত মানবতার সেবা ও মানুষের কল্যাণে এই দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় অবহেলিত হাওর উপজেলা হিসেবে পরিচিত মদন পৌরসভার প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমি এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছি।”
তিনি আরও জানান, নেত্র চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা দিনব্যাপী প্রায় হাজারখানেক রোগীর পরীক্ষা-নিরীক্ষা করেন। এর মধ্যে প্রায় শতাধিক রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। বাকি রোগীদের ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে।
এএন