ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা নবনিযুক্ত প্রশাসকের

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

এপ্রিল ১২, ২০২৬, ০৪:৩৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা নবনিযুক্ত প্রশাসকের

বিগত ১৭ বছরের লুটপাট ও দুর্নীতির অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদকে একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত এবং জনগণের সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং সেবার মান নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক মতবিনিময়ে নিজের কর্মপরিকল্পনা ও লক্ষ্যের কথা তুলে ধরে আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “বিগত ১৭ বছর ফ্যাসিস্টরা জেলা পরিষদকে লুটেপুটে খেয়ে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করেছিল। ওই সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। আমি এই প্রতিষ্ঠানটিকে একটি সত্যিকারের সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই।”

বক্তব্যের শুরুতে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাকে এই পদে দায়িত্ব দেওয়ায় দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “যে বিশ্বাস ও আস্থার সঙ্গে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সততা ও আন্তরিকতার সঙ্গে আমি তা পালনের সর্বোচ্চ চেষ্টা করব।”

অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সব ধরনের উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে প্রশাসক বলেন, জেলা পরিষদের মাধ্যমে অসহায় মানুষ, বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের সহায়তা করা হবে। এছাড়া মসজিদ, মাদরাসা, মন্দির, কবরস্থান, শ্মশান এবং পুকুরঘাট নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হবে।

তিনি আরও জানান, জেলা পরিষদের নিজস্ব হাসপাতাল না থাকলেও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসবে এই প্রতিষ্ঠান। পাশাপাশি হতদরিদ্র মানুষের কর্মসংস্থানের জন্য রিকশা, ভ্যান ও সেলাই মেশিন বিতরণের উদ্যোগ গ্রহণ করা হবে।

বিগত সরকারের আমলের অনিয়মের চিত্র তুলে ধরে সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে একটি কবরস্থানের সামনের জেলা পরিষদের জায়গা আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের জন্য লিজ দেওয়া হয়েছিল। দায়িত্ব গ্রহণের পর প্রথমেই আমি ওই লিজ বাতিল করেছি এবং কবরস্থানের সৌন্দর্য বৃদ্ধির জন্য জায়গাটি কবরস্থানের নামেই লিজ দিয়েছি।” পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থানে জেলা পরিষদের বেদখল হওয়া জায়গা উদ্ধার এবং মার্কেটের ভাড়া যৌক্তিক পর্যায়ে বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

ব্রাহ্মণবাড়িয়া শহরের কালিবাড়ির মোড় থেকে পৈরতলা পর্যন্ত সড়কের উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রশাসক। এছাড়া শহরের প্রধান খালটি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পানি চলাচল বাধাগ্রস্ত হওয়া পয়েন্টগুলো পরিষ্কার করা হলে শহরের সৌন্দর্য অনেকটাই ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ নিজের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে প্রশাসনিক দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। তিনি বলেন, “এটি কোনো রাজনৈতিক চেয়ার নয়, এটি জনগণের চেয়ার। এখানে সবাই সমানভাবে সেবা পাবে। জেলা সদর ছাড়াও সব উপজেলায় সমানভাবে উন্নয়ন কাজ নিশ্চিত করা হবে।”

উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, প্রতিটি প্রকল্প এলাকায় এখন থেকে বাধ্যতামূলকভাবে সাইনবোর্ড টানানো হবে। সেখানে প্রকল্পের ব্যয় ও কাজের সময়সীমা উল্লেখ থাকবে, যাতে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত হয়।

ইউনিয়ন বা উপজেলা পরিষদ সম্পর্কে সাধারণ মানুষের ধারণা থাকলেও জেলা পরিষদের কার্যক্রম সম্পর্কে অনেকেরই সুস্পষ্ট ধারণা নেই বলে মন্তব্য করেন সিরাজুল ইসলাম সিরাজ। জেলা পরিষদকে একটি পূর্ণাঙ্গ জনগণের প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি ব্রাহ্মণবাড়িয়াবাসীকে তাদের যেকোনো সমস্যা ও চাহিদা নিয়ে সরাসরি জেলা পরিষদে যোগাযোগের আহ্বান জানান এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এএন

Link copied!