ভোলা প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২৬, ০৭:০৮ পিএম
গণভোটের রায় অমান্য করে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগে ভোলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় জোট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেল ৫টায় ভোলা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে শহরের সদর রোড প্রদক্ষিণ করে কালীনাথ বাজার হাটখোলা মসজিদের চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সময়ে জোটের নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকা ও দোকানপাটে গিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগ সম্বলিত লিফলেট বিতরণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, সরকার গণভোটের রায় অমান্য করে জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা করছে। ঘোষিত ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না করা এবং গুম কমিশনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কমিশন বাতিলের উদ্যোগ গ্রহণ করা জনগণের আশা-আকাঙ্ক্ষার পরিপন্থী। এ ধরনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বক্তারা অবিলম্বে জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাস্টার মোঃ জাকির হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ, বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউর রহমান, বিডিপির জেলা সভাপতি অ্যাডভোকেট ইলিয়াস সুমন এবং এলডিপির জেলা সভাপতি সাংবাদিক বশির আহমেদ।
এ ছাড়া খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা নুরুল হক, এনসিপির জেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুঃ মাকসুদুর রহমানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সমাবেশে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, পৌর নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
জেএইচআর