যশোর প্রতিনিধি
এপ্রিল ১৩, ২০২৬, ০৫:০৪ পিএম
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। নিজেরা বাহবা নিতে পরীক্ষার হলে প্রবেশ করলে তাদের পাস করিয়ে দিয়েছে। এ কারণে শিক্ষার গুণগত মান শেষ হয়ে গেছে। বর্তমান সরকার শিক্ষার গুণগত মান ফিরিয়ে আনার চেষ্টা করছে।
সোমবার যশোর পিটিআই অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে হবে। এ জন্য আগে ঠিক হতে হবে শিক্ষকদের। কেউ আদেশের ব্যত্যয় ঘটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। সে কারণে প্রধানমন্ত্রী শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। সেই গুরুত্ব পুরনো শিক্ষামন্ত্রীর নতুন করে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া নয়, গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি। বিশেষ করে শিক্ষকদের ওপর।
তিনি বলেন, আমাকে নিয়ে অনেকেই নানাভাবে ট্রল করছে, আমি এটি এনজয় করছি। আমি চাই, প্রতিনিয়ত শিক্ষাব্যবস্থা নিয়ে সংসদে আমাকে নিয়ে বিরোধীদলের এমপিরা প্রশ্ন করুন। জবাবদিহিতা ও কাঠগড়ায় তুলুক আমাকে। কেননা অন্য কোনো মন্ত্রণালয়ের মতো শিক্ষা মন্ত্রণালয় নয়, শিক্ষার উন্নয়নে আমি কাজ করতে চাই।
পরীক্ষায় নকলের বিষয় উল্লেখ করে তিনি বলেন, করোনার ভেরিয়েন্টের মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে; ডিজিটাল নকল। ছেলেমেয়েরা যদি নকল করতে চায়, সেটি তাদের দুর্বলতা নয়- বরং এটি শিক্ষকদের দুর্বলতা। কেন বাচ্চারা নকল করতে চাইছে, সেটি খুঁজে বের করে আমাদের সমাধানের দিকে যেতে হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুল ইসলাম, যশোর-৬ আসনের অধ্যাপক মোক্তার আলী, যশোর-৫ আসনের অ্যাডভোকেট গাজী এনামুল হক, ঝিনাইদহ-৩ আসনের মতিউর রহমান, বাগেরহাট-৪ আসনের আব্দুল আলিম ও নড়াইল-২ আসনের আতাউর রহমান বাচ্চু।
এসময় যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোসাম্মৎ আসমা বেগমের সভাপতিত্বে মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নূরুল হক ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন উপস্থিত ছিলেন।
এম জি