মিরাজ আহমেদ, মাগুরা
এপ্রিল ২০, ২০২৬, ০৬:১৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নিপুণ রায় চৌধুরীর মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি বিষয় একই পরিবার থেকে তিনজন সংসদ সদস্য।
সোমবার নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের তালিকা ঘোষণা করেন। এই তালিকায় নিপুণ রায় চৌধুরীর অন্তর্ভুক্তি রাজনৈতিক বাস্তবতা ও নৈতিকতা দুই দিক থেকেই প্রশ্নের জন্ম দিয়েছে।
এর আগে সাধারণ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে নির্বাচিত হন তার বাবা নিতাই রায় চৌধুরী, যিনি বর্তমানে মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সময়ে তার শ্বশুর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ফলে সংসদে একই পরিবারের তিন সদস্যের উপস্থিতি এখন প্রায় নিশ্চিত।
বিএনপির ভেতরে এটি একধরনের কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। দলটির একটি অংশ মনে করছে, পরিচিত ও প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্যদের মনোনয়ন দিলে সাংগঠনিক স্থিতি ও নির্বাচনী সমন্বয় শক্তিশালী হয়। বিশেষ করে সংরক্ষিত নারী আসনে দলীয় আনুগত্য ও নেতৃত্বের প্রতি আস্থা গুরুত্বপূর্ণ বিবেচিত হয়।
তবে সমালোচকদের মতে, এই ধরনের মনোনয়ন দলীয় গণতন্ত্রের পরিপন্থী বার্তা দেয়। নতুন নেতৃত্ব উঠে আসার সুযোগ সংকুচিত হয় এবং রাজনীতিতে পারিবারিক প্রভাব আরও প্রাতিষ্ঠানিক রূপ পায়। তাদের প্রশ্ন দলে কি যোগ্য নারী নেতৃত্বের অভাব রয়েছে, নাকি সিদ্ধান্ত গ্রহণে প্রভাবশালী পরিবারগুলোই অগ্রাধিকার পাচ্ছে?
বাংলাদেশে সংরক্ষিত নারী আসনের মূল লক্ষ্য ছিল নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো। কিন্তু বাস্তবে এই আসনগুলো প্রায়ই দলীয় মনোনয়ননির্ভর হয়ে পড়ায় গণতান্ত্রিক প্রতিযোগিতার সুযোগ সীমিত থাকে। ফলে একই পরিবারের একাধিক সদস্যের অন্তর্ভুক্তি এই কাঠামোর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনা নতুন নয়, তবে একই সময়ে একই পরিবার থেকে তিনজন সংসদ সদস্য হওয়া বিরল। এটি একদিকে দলীয় আনুগত্যের প্রতিফলন, অন্যদিকে ক্ষমতার কেন্দ্রীভবনের ইঙ্গিতও হতে পারে।
নিপুণ রায় চৌধুরীর মনোনয়ন শুধু একটি ব্যক্তিগত বা পারিবারিক অর্জন নয় এটি বাংলাদেশের দলীয় রাজনীতির কাঠামো, অভ্যন্তরীণ গণতন্ত্র এবং প্রতিনিধিত্বের ধারণাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
এএন