মিরাজ আহমেদ, মাগুরা
এপ্রিল ২০, ২০২৬, ০৮:৫৭ পিএম
জেলায় জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ ও বিতরণ নিশ্চিত করতে ফিলিং স্টেশন মালিক ও এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মো. আব্দল্লাহ আল মাহমুদ।
জেলা প্রশাসন, মাগুরার উদ্যোগে আয়োজিত সভায় জেলার বিভিন্ন ফিলিং স্টেশনের মালিক ও এজেন্টরা অংশ নেন। সভায় জ্বালানি তেলের বর্তমান সরবরাহ পরিস্থিতি, বিতরণ ব্যবস্থার অসঙ্গতি এবং গ্রাহক পর্যায়ে সেবা স্বাভাবিক রাখার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, জ্বালানি তেলের সরবরাহে কোনো ধরনের কৃত্রিম সংকট বা অনিয়ম বরদাশত করা হবে না। প্রতিটি ফিলিং স্টেশনকে নির্ধারিত সময় মেনে স্বচ্ছভাবে তেল বিক্রি নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়েন।
আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ২১ এপ্রিল থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে জেলার সব ফিলিং স্টেশনে একযোগে জ্বালানি তেল বিক্রি কার্যক্রম শুরু হবে। সংশ্লিষ্টদের মতে, এ সিদ্ধান্ত কার্যকর হলে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরে আসবে এবং অযথা ভিড় ও অনিয়ম কমবে।
সভায় অংশ নেওয়া একাধিক ফিলিং স্টেশন মালিক জানান, নির্ধারিত সময়সূচি মেনে তেল বিক্রি শুরু হলে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি কমবে এবং বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়মিত তদারকি করা হবে এবং কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এএন