রাজবাড়ী প্রতিনিধি
এপ্রিল ২৭, ২০২৬, ০৪:৩১ পিএম
রাজবাড়ীর পাংশায় কৃষিপণ্য বিক্রিতে ‘ধলতা’ নেওয়া বন্ধ, ফসলের লাভজনক দাম নিশ্চিত করা এবং ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র ও শস্য বিমা চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে পাংশা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বাংলাদেশ কৃষক সমিতি পাংশা উপজেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে সার, ডিজেল, বীজ, কীটনাশক ও বিদ্যুতের দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় চাষাবাদ অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে। পেঁয়াজ, ধান ও পাটের দাম উৎপাদন খরচের তুলনায় আশানুরূপ নয়। এর ওপর হাটে পণ্য বিক্রি করতে গিয়ে কৃষকরা চরম প্রতারণার শিকার হচ্ছেন। বিশেষ করে পেঁয়াজ বিক্রির সময় প্রতি মণে আড়াই কেজি ‘ধলতা’ এবং এক কেজি ‘তোলা’ বাবদ অতিরিক্ত পণ্য দিতে বাধ্য করা হচ্ছে। এই প্রথা বন্ধসহ মোট আট দফা দাবি জানান কৃষকরা।
পাংশা উপজেলা কৃষক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল ও সাধারণ সম্পাদক মজিবর রহমান। বক্তারা অবিলম্বে কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশ শেষে কৃষক সমিতির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে হাটবাজারের অনিয়ম দূর করা এবং শস্য বিমা চালুর মাধ্যমে কৃষকের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়।
জেএইচআর