মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি
এপ্রিল ২৭, ২০২৬, ০৫:৫২ পিএম
বন্যপ্রাণী দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক হস্তান্তররাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলায় বন্যপ্রাণী দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।
অনুষ্ঠানে জানানো হয়, ‘বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ বিধিমালা, ২০২১’ অনুযায়ী মোট ৭৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সর্বমোট ২৬ লাখ ৩৬ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
এর মধ্যে বন্যহাতির আক্রমণে মৃত্যুবরণ করা দুই ব্যক্তির পরিবারকে ৬ লাখ টাকা প্রদান করা হয়। এছাড়া ফসলি জমি ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতির বিপরীতে অন্যান্য পরিবারগুলোকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেন, বন উজাড় হয়ে যাওয়ায় হাতিসহ বন্য প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে। হাতি আমাদের দেশের সম্পদ এবং এরা অত্যন্ত সংবেদনশীল প্রাণী। মানুষ যদি হাতির ক্ষতি না করে, তবে তারা সাধারণত লোকালয়ে এসে মানুষের ক্ষতি করে না। প্রাকৃতিক পরিবেশ রক্ষায় হাতির অভয়ারণ্যগুলো ক্ষতিগ্রস্ত না করে মানুষ ও বন্যপ্রাণীর মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বন বিভাগের পক্ষে বক্তব্য রাখেন রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মো. আবদুল আউয়াল সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ, দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ অন্যান্যরা।
জেএইচআর