মোঃ জসিম উদ্দিন, দুমকি (পটুয়াখালী)
এপ্রিল ২৯, ২০২৬, ০১:০৭ পিএম
পটুয়াখালীর দুমকি উপজেলা জুড়ে আকস্মিক কালবৈশাখী ঝড় ও টানা ভারী বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের দাপটে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা এবং বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ।
মঙ্গলবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রবল ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর পরদিন বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে আবারও বৃষ্টি শুরু হলে জনদুর্ভোগ আরও বেড়ে যায়।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাংগাশিয়া ইউনিয়ন-এর বিভিন্ন এলাকা, লেবুখালী পায়রা সেতু সংলগ্ন অঞ্চল, কার্তিকপাশা, আঠারোগাছিয়া, জামলা ও গাবতলী। এসব এলাকায় গাছ উপড়ে পড়ে এবং ডাল ভেঙে পড়ে বহু কাঁচা ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঝড়ের সময় বিদ্যুতের খুঁটি ও লাইনের ওপর গাছ পড়ে যাওয়ায় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। মঙ্গলবার রাতে আংশিকভাবে কিছু এলাকায় বিদ্যুৎ ফিরলেও এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।
অন্যদিকে টানা বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। রবি মৌসুমের শেষ সময়ে এমন দুর্যোগে স্থানীয় কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। বিশেষ করে মুগডাল, আলু, বাদাম, মরিচ ও বিভিন্ন শাকসবজির ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় ফসল ঘরে তোলার আগমুহূর্তেই বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ দ্রুত পুনরুদ্ধার এবং সড়ক থেকে উপড়ে পড়া গাছ অপসারণে সংশ্লিষ্ট বিভাগগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এম জি