বি.এম খোরশেদ, মানিকগঞ্জ
মে ৩, ২০২৬, ০৩:৩৯ পিএম
মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল এলাকায় আমডালা খালের পুনঃখনন কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষিত ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুরে এই খনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এস.এ জিন্নাহ কবীর।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে প্রায় সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ এই খালটি পুনঃখনন করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে এলাকার কয়েক হাজার কৃষক সরাসরি সেচ সুবিধার আওতায় আসবেন, যা স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এস.এ জিন্নাহ কবীর বলেন, "কৃষির উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। খাল পুনঃখননের মাধ্যমে বছরজুড়ে ফসল উৎপাদন করা গেলে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের খাদ্য নিরাপত্তা ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধি পাবে।"
তিনি আরও জানান, এই খনন কাজে এলাকার অতি দরিদ্র ও অসচ্ছল নারীদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া হচ্ছে। এতে তাঁদের আয় বৃদ্ধি পাবে এবং পরিবারে অর্থনৈতিক সক্ষমতা তৈরি হবে।
অনুষ্ঠানে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএইচআর