রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি
মে ১৩, ২০২৬, ১০:৩৪ এএম
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা ও বিলাইছড়ি সড়কের ২৬ কিলো লতাপাহাড় এলাকায় আবদুস সালাম (৬০) নামের একজন নিহত হয়েছেন।
রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নেজাম উদ্দিন বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাকবলিত এলাকা থেকে দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান।
এ সময় আহত হয়েছেন বেলাল হোসেন (পিতা: কবির আহম্মদ), বাঙ্গালহালিয়া মুন্সিপাড়া, চন্দ্রঘোনা থানা, রাজস্থলী। আহত বেলালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে বিলাইছড়ি উপজেলার ফারুয়া থেকে হলুদ বোঝাই করে চট্টগ্রাম শহরে যাওয়ার সময় ফারুয়া ইউনিয়নের লতাপাহাড় এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আবদুস সালামের মৃত্যু হয়। এ সময় তার পাশে থাকা বেলাল আহত হন। নিহত আবদুস সালাম বাঙ্গালহালিয়া গ্রামের শফিপুর মুন্সিপাড়ার মৃত আবদুল জলিলের ছেলে।
রাজস্থলী থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চাঁদের গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হবে। কারও অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএন