মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
মে ১৬, ২০২৬, ০৭:১৮ পিএম
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, প্রান্তিক জনগোষ্ঠী যদি ভালো থাকে তাহলে এ দেশের মানুষ ভালো থাকবে। এজন্য তিনি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
শনিবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যে ইশতেহার ঘোষণা করেছিলেন, হাত থেকে ভোটের কালি মোছার আগেই সেসব ইশতেহার বাস্তবায়ন করেছেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন এবং কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছেন। আপনারা বিএনপি সরকারের ওপর আস্থা রাখবেন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালক আহসান হাবিব খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুকসুদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম।
অনুষ্ঠান শেষে উপজেলার ৬০ জন মৎস্যজীবীর মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়।
এএন