মিরাজ আহমেদ, মাগুরা
মে ১৬, ২০২৬, ০৮:১০ পিএম
মাগুরা জেলার ঐতিহ্যবাহী জিআই পণ্য হাজরাপুরী লিচুকে ঘিরে শুরু হয়েছে দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬”। শনিবার সকালে মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন লিচু বাগানে জেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। মেলাকে ঘিরে পুরো এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বিপিএম (সেবা), জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, মাননীয় মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আল মারুফ (উপসচিব) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইংয়ের পরিচালক ড. মো. হযরত আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার। স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির প্রতিনিধি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাজরাপুরী লিচু মাগুরার ঐতিহ্য ও সুনামের প্রতীক। এই লিচুর স্বাদ ও গুণগত মান ইতোমধ্যে দেশব্যাপী পরিচিতি পেয়েছে। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর এর চাহিদা আরও বৃদ্ধি পেয়েছে বলে জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, “হাজরাপুরী লিচু শুধু মাগুরার গর্ব নয়, এটি দেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী পণ্য। এ ধরনের আয়োজন স্থানীয় কৃষকদের উৎসাহিত করবে এবং অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।”
সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান বলেন, হাজরাপুরের লিচুর সুনাম ধরে রাখতে কৃষকদের আরও আধুনিক পদ্ধতিতে চাষাবাদে এগিয়ে আসতে হবে। সরকার কৃষিবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
মেলায় বিভিন্ন জাতের লিচু প্রদর্শনের পাশাপাশি কৃষি প্রযুক্তি প্রদর্শনী, স্থানীয় পণ্যের স্টল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে মেলাপ্রাঙ্গণ দিনভর ছিল প্রাণবন্ত।
এএন