আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১১:৩০ এএম
ফের দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। এবার ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস। আজ থেকেই নতুন এই দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে প্রতি ভরি অর্থাৎ ১১.৬৬৪ গ্রাম ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা নির্ধারণ করা হয়েছে।
সবশেষ গত ৩ ফেব্রুয়ারি বিকেলে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল সেদিন বিকেল ৪টা থেকেই।
চলতি বছর দেশের বাজারে ২৫ বারের মতো সমন্বয় করা হলো সোনার দাম। যেখানে ১৬ বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ৯ বার। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল ২৯ বার।
সোনার দাম কমানোর সঙ্গে সঙ্গে এবার দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছর এ নিয়ে দেশের বাজারে ১৭ দফা সমন্বয় করা হলো রুপার দাম। যেখানে দাম ১০ বার বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে বাকি ৭ বার। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার আর কমেছিল মাত্র ৩ বার।
জেএইচআর