আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৯:০১ পিএম
দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হয়। এবার ট্যালেন্টপুল ও সাধারণ এই দুই গ্রেডে সারা দেশের মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে।
ফলাফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, শিক্ষার্থীরা এখন থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে রোল নম্বর ও সাল লিখে ফল জানতে পারবে। এ ছাড়া ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও দ্রুত ফলাফল জানার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এ বছর সারা দেশের ৬১১টি কেন্দ্রে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। গত ২৮ ডিসেম্বর পরীক্ষা শুরু হয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে শেষ হয়। নীতিমালা অনুযায়ী, বোর্ডভিত্তিক আনুপাতিক হার এবং উপজেলা পর্যায়ের নির্ধারিত কোটার ভিত্তিতে মেধাবী শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হয়েছে।
ফল ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বোর্ডে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী নিবন্ধিত থাকলেও সব বিষয়ে পরীক্ষায় অংশ নিয়েছে ৭৭ হাজার ৯১৯ জন। এর বাইরে রাজশাহী বোর্ডে ৪৩ হাজার ৬৬০ জন, দিনাজপুরে ৪০ হাজার ২৩১ জন এবং কুমিল্লা বোর্ডে ৪০ হাজার ২১৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। সবচেয়ে কম পরীক্ষার্থী ছিল বরিশাল বোর্ডে, যেখানে ২০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, দেশের নতুন ও অপেক্ষাকৃত ছোট বোর্ডগুলোর মধ্যে ময়মনসিংহে ২৩ হাজার ২০০ এবং সিলেটে ২৩ হাজার ২২ জন শিক্ষার্থী অংশ নেয়। মেধার মূল্যায়ন ও শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতেই দীর্ঘ বিরতির পর এই বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
জেএইচআর