জবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৫:২১ পিএম
নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যা এবং সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ ও সহিংসতার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়। এটি রায়সাহেব বাজার মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ধর্ষকদের বিরুদ্ধে এবং প্রশাসনের ব্যর্থতা নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ বলেন, পুলিশ প্রশাসন বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বাধা দিচ্ছে এবং মোরাল পুলিশিং করছে। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও ধর্ষণের ঘটনায় পুলিশকে পাওয়া যাচ্ছে না। সরকার ও প্রশাসন এসব মোকাবিলায় ব্যর্থ হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
জকসু সদস্য ও ইনকিলাব মঞ্চ নেত্রী শান্তা আক্তার বলেন, নরসিংদীর এই ধর্ষণ ও হত্যা দীর্ঘদিনের বিচারহীনতার নগ্ন বহিঃপ্রকাশ। প্রত্যেক নাগরিকের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে বলে তিনি উল্লেখ করেন।
জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, ধর্ষকের কোনো রাজনৈতিক পরিচয় নেই। পুলিশ প্রশাসন পোশাক পরিবর্তন করলেও তাদের চরিত্র পরিবর্তন হয়নি বলে তিনি অভিযোগ করেন। সবকিছুর জন্য কেন এখনো প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইতে হবে, সেই প্রশ্ন তুলে তিনি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, আমরা জুলাই অভ্যুত্থান করেছিলাম এমন একটা দেশ পেতে যেখানে সবাই সমান বিচার পাবে। বিভিন্ন জায়গায় ধর্ষণ ও খুন চলছে এবং কোনো বিচার হচ্ছে না। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার নাম ভাঙিয়ে যেসব গুন্ডারা অপরাধ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। বহিষ্কার কোনো দণ্ডবিধির শাস্তি হতে পারে না বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, গতকাল নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় এক কিশোরীকে অপহরণ করে হত্যার অভিযোগ ওঠে। সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের একটি সরিষা খেত থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।
জেএইচআর