আন্তর্জাতিক ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৬, ০২:০৪ পিএম
তাজিকিস্তান ও চীনের শিনজিয়াং সীমান্ত অঞ্চলে শুক্রবার ভোরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের প্রভাবে পাকিস্তান ও আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চলও তীব্রভাবে কেঁপে ওঠে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৮।
পাকিস্তান আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, স্থানীয় সময় রাত ২টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল তাজিকিস্তান ও চীনের শিনজিয়াং সীমান্ত অঞ্চলে এবং ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৫৯ কিলোমিটার। অন্যদিকে, ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, মোমেন্ট ম্যাগনিটিউড স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৩ এবং গভীরতা ১৪০ কিলোমিটার।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কম্পন পাকিস্তান, তাজিকিস্তান, চীন ও আফগানিস্তানে অনুভূত হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত, শাংলা, বুনেরসহ বিভিন্ন জেলায় তীব্র কম্পন অনুভূত হয়। কম্পনের সময় আতঙ্কে বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। ভারতের জম্মু ও কাশ্মীরের কিছু অংশেও মৃদু কম্পনের খবর পাওয়া গেছে।
শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উদ্ধারকারী সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে। কর্মকর্তাদের পক্ষ থেকে জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ভৌগোলিক অবস্থান অনুযায়ী পাকিস্তান ও তাজিকিস্তান অঞ্চলটি বেশ কয়েকটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।
জেএইচআর