আন্তর্জাতিক ডেস্ক
এপ্রিল ১, ২০২৬, ০৪:১৮ পিএম
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে তৃতীয় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার সকালে চালানো এই হামলার দায় স্বীকার করে গোষ্ঠীটি জানায়, এটি ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করেই পরিচালিত হয়েছে।
হুতিদের এক বিবৃতিতে বলা হয়, চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে তারা ‘তৃতীয় সামরিক অভিযান’ হিসেবে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের দাবি, এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া হয়।
তেহরান সমর্থিত এই গোষ্ঠী আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, লেবানন, ইরান, ইরাক, পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল ও ভয়াবহ রূপ নিতে পারে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথেই প্রতিরোধ করে ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এএন