খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পুকুরের পানিতে ডুবে সিয়াম নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের বটতলী গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু সিয়াম মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের বটতলী গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সিয়াম মেঝো।
মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চত করে বলেন, বিকালের দিকে শিশুটির মা-বাবা লায়েক জমাদারের পুকুরের পাশের জমিতে ধান রোপন করছিল। এসময় সে জমির পাশেই বসে ছিল। কাজ শেষে বাড়ি ফেরার সময় সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোজাখুজির এক পর্যায়ে শিশুপুত্র সিয়ামকে পুকুরের পানিতে ভাসতে দেখেন।
পরে তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মিল্টন ত্রিপুরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে শিশু সিয়ামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন