ভারতে অনুপ্রবেশের সময় আটক ছয় বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১৬ জুন) বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্র জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে ৬০/৮৫ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকায় কম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষীরা অংশ নেয়। বৈঠকে বিএসএফ ছয় বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, একজন নারী ও এক শিশু রয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
বিজিবি জানায়, ফেরত আসা ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন, এ সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে দুই বাহিনীর মধ্যে সমন্বয় ও যাচাই-বাছাই শেষে তাদের ফেরত পাঠানো হয়।
পরে বিজিবি তাদের মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আইনানুগ প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন