শিবচরে অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান

শিবচর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৮:১১ পিএম
শিবচরে অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান

মাদারীপুরের শিবচর উপজেলার উৎরাইল ব্রিজ ও ময়নাকাটা নদীতে অবৈধ বালুখেকোদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ এম ইবনে মিজান।

শনিবার আড়িয়াল খাঁ নদের তীরসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। 

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, পৌরসভার কর্মচারীবৃন্দ এবং পুলিশ বাহিনী।

গৃহীত কার্যক্রমের মধ্যে ছিল— উৎরাইল ব্রিজের নিচে ড্রেজারে অভিযান চালিয়ে ২০০ মিটার পাইপ ধ্বংস ও ৩টি লোহার পাইপ জব্দ করা হয়।

ময়নাকাটা নদীতে ৪টি ড্রেজারে অভিযান চালিয়ে পাইপ বিনষ্ট করা হয়।

স্বাস্থ্য কলোনী ও যাদুয়ার চরে মোট ৭টি স্থানে প্রায় ৫০০ মিটার পাইপ বিনষ্ট করা হয়।

সড়ক পরিবহন আইন ২০১৮-এর আওতায় ২টি ড্রাম ট্রাক ও ১টি অবৈধ নসিমনের বিরুদ্ধে ৩টি মামলায় মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ড্রেজার অকার্যকর করতে ১০টি ব্যাটারি ও অন্যান্য আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়, যা নিয়ম অনুযায়ী নিলামে বিক্রি হবে।

এদিকে, অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের কারণে শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি এখন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান বলেন, “বালুখেকোদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। তাদের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। বালুখেকোরা দেশের শত্রু। তাদের কারণে শিবচরের গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে। আমি আমার সাধ্য অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে যাবো, ইনশাআল্লাহ।”

ইএইচ