শিবচরে কবর জিয়ারতের মধ্যদিয়ে উপজেলা বিএনপির কমিটির যাত্রা শুরু

মশিউর কাজি, শিবচর প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৫:৪০ পিএম
শিবচরে কবর জিয়ারতের মধ্যদিয়ে উপজেলা বিএনপির কমিটির যাত্রা শুরু

মাদারীপুরের শিবচরে জুলাই অভ্যুত্থানের শহীদ ও বিএনপির প্রয়াত নেতৃবৃন্দসহ শিবচরের বিশিষ্ট প্রয়াত ব্যক্তিবর্গের কবর জিয়ারতের মাধ্যমে শিবচর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির যাত্রা শুরু হয়েছে।

সোমবার উপজেলার বাহাদুরপুর পীর মঞ্জিল কবরস্থানে হাজী শরিয়তুল্লাহর বংশধর, প্রখ্যাত সাংবাদিক মোতাহার হোসেন সিদ্দিকী, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান ঠান্ডু চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা মিঠু চৌধুরী, সাবেক সভাপতি হাজী আব্দুর রশিদ মল্লিক, সাবেক সিনিয়র সহ সভাপতি খালেক মৃধা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিপন মুন্সী ও জুলাই অভ্যুত্থানের শহীদ শেখ হৃদয় আহমেদ শিহাবের কবর জিয়ারতের মাধ্যমে নবগঠিত কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন খান এবং সদস্য সচিব সোহেল রানাসহ কমিটির সদস্যরা তাদের যাত্রা শুরু করেন।

এ সময় তারা মহান আল্লাহর কাছে প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শিবচরের কল্যাণ ও বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য দোয়া প্রার্থনা করেন।

নবগঠিত কমিটির সদস্য সচিব সোহেল রানা বলেন, “শিবচরের রাজনৈতিক ইতিহাসে যেসব প্রয়াত নেতা ও শহীদ জীবন উৎসর্গ করেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা কবর জিয়ারত করেছি। তাঁদের আদর্শ বুকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধভাবে শিবচরের বিএনপিকে আরও শক্তিশালী করব।”

স্থানীয় বিএনপি নেতারা জানান, দীর্ঘদিন শিবচরে সাংগঠনিক কাঠামো না থাকায় দলীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। নতুন নেতৃত্ব ঘোষণার ফলে তৃণমূলে বিএনপির কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, যুবদল নেতা হেমায়েত হোসেন খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিলন হাওলাদার, এছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎসজীবীদল, কৃষকদল ও তাতীদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ইএইচ