ময়মনসিংহ সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শীতকালীন শাক-সবজি ও অন্যান্য ফসলের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
রোববার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে দুই শত ত্রিশজন কৃষকের মাঝে লাউ, বেগুন, পালংশাক, লাল শাক, মটরশুঁটি, মূলা এবং বাটিশাকের বীজ বিতরণ করা হয়।
বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জুবায়রা বেগম সাথী, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার তারেক আজিজ, ঘাগড়া ইউনিয়ন ব্লকের উপসহকারী কৃষি অফিসার মো. রুহুল্লাহসহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি অফিসারগণ এবং স্থানীয় কৃষকরা।
এ সময় কৃষকদের উদ্দেশে জুবায়রা বেগম সাথী বলেন, “বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন শাক-সবজি এবং মাঠ চাষযোগ্য অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের পক্ষ থেকে এই বীজ বিতরণ করা হয়েছে। বিশেষভাবে আঙ্গিনায় শাক-সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে, যাতে তারা তাদের পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করতে পারে।”
উপস্থিত কৃষকদের সাথে আলোচনা করে জানানো হয়, কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি প্রকৃতিতে সুষম খাদ্য চাহিদা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাদেরকে এসব বীজের সঠিক ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর পরামর্শও দেওয়া হয়।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় কৃষকরা, যারা এই উদ্যোগের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন