শিবচরে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৫:২৬ পিএম
শিবচরে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচরে পুকুরে পড়ে আনাছ নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাজী মোল্লা কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আনাছ ওই গ্রামের রিপন হাওলাদার ওরফ লিটনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টা ৩০ মিনিটের পর থেকে শিশু আনাছকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে কিছুক্ষণ পর বাড়ির সামনের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে। দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। পরিবার ও স্থানীয়দের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের মতে, শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইএইচ