পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৬:০৯ পিএম
পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান

মা ইলিশ সংরক্ষণে সরকারের চলমান কর্মসূচির অংশ হিসেবে লৌহজং, শ্রীনগর ও শিবচরে মা ইলিশ সংরক্ষণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। এ অভিযানে কারেন্ট জাল ধ্বংস, ইলিশ বিতরণ এবং সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়েছে।

রোববার মুন্সীগঞ্জ জেলার লৌহজং, শ্রীনগর এবং মাদারীপুর জেলার শিবচর উপজেলার পদ্মা নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় যৌথভাবে অনুষ্ঠিত হয়েছে “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫”।

অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. হেমায়েত হোসেন, উপসচিব জনাব সুজয় চৌধুরী, প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ, উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ মামুন অর রশিদ চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা মুন্সীগঞ্জ মো. গোলাম মেহেদী হাসান, শ্রীনগরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, লৌহজংয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, এবং শিবচরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার। 

এছাড়া অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌ-পুলিশের সদস্যরাও অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালীন সময়ে নদীর বিভিন্ন পয়েন্টে টহল পরিচালনা করা হয়। এতে প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যা উপস্থিত কর্মকর্তাদের তত্ত্বাবধানে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

একইসঙ্গে উদ্ধারকৃত প্রায় ৮ কেজি ইলিশ স্থানীয় একটি মাদরাসায় বিতরণ করা হয়, যাতে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরাও মা ইলিশ রক্ষার এই মহৎ উদ্যোগে সম্পৃক্ত হতে পারে।

অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তারা বলেন, সরকার ইতিমধ্যেই মা ইলিশ রক্ষায় অক্টোবর মাসে নির্দিষ্ট সময়ের জন্য মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদে নিষেধাজ্ঞা জারি করেছে। দেশের টেকসই মৎস্যসম্পদ নিশ্চিত করতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, মা ইলিশ সংরক্ষণ করা মানে ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

মৎস্য কর্মকর্তারা জেলেদের প্রতি আহ্বান জানান—নিষিদ্ধ সময়ে মাছ না ধরে এই অভিযানে সহযোগিতা করতে এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করতে। অভিযানের সময় জেলেদের মাঝে মা ইলিশ রক্ষার গুরুত্ব তুলে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

তারা জানান, মা ইলিশ ধরা বন্ধ না করলে ভবিষ্যতে ইলিশ উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পাবে, যা দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলবে।

উল্লেখ্য, বাংলাদেশে ইলিশ দেশের অন্যতম জাতীয় সম্পদ। সরকার প্রতিবছর অক্টোবর মাসে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে “মা ইলিশ সংরক্ষণ অভিযান” পরিচালনা করে। এই সময়ে সারা দেশে ইলিশ ধরা, পরিবহন, বিক্রয় ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এই ধারাবাহিক অভিযান নির্ধারিত সময় পর্যন্ত চলবে। অভিযানের সফলতা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, নৌ-পুলিশ, জেলা ও উপজেলা মৎস্য দপ্তর একযোগে কাজ করছে।

ইএইচ