নাটোরের লালপুর উপজেলার চরাঞ্চল ও স্থলভাগে পুলিশের বিশেষ অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে মোট ২০ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মো. শাহজাহান পিপিএম (বার)-এর নির্দেশনা এবং নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত টানা ১২ ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে জেলা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), জেলা স্পেশাল ব্রাঞ্চ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রায় চারশ সদস্য অংশগ্রহণ করেন।
অভিযানটি লালপুর উপজেলার চরাঞ্চল, পদ্মা নদী এবং সংলগ্ন স্থলভাগজুড়ে পরিচালিত হয়।
অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান, একটি রিভলবার, ছয়টি বড় ডেগার, ২২টি হাসুয়া, চারটি চাকু, দুটি চাপাতি, একটি দা, একটি লোহার পাইপ, একটি টিউবওয়েল ও একটি কাঠের চকি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে দুইজন হ্যাকার, ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামি, একজন সাজাপ্রাপ্ত আসামি, একজন হত্যা মামলার আসামি এবং দুইজন মাদক ব্যবসায়ীসহ মোট ২০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থলভাগে পুলিশের ১০টি টিম এবং পদ্মা নদীতে ১৪টি নৌকা ও ট্রলারে অভিযান পরিচালনা করা হয়। নদীপথে র্যাব ও পুলিশ যৌথভাবে চর জাজিরা, চর লালপুর এবং চর দিয়ার বাহাদুরপুর এলাকায় তল্লাশি চালায়। চর দিয়ার বাহাদুরপুরের বালু মহালের ছাউনি (অফিস) থেকে দুটি আগ্নেয়াস্ত্র, বেশ কয়েকটি ডেগার, হাসুয়া, একটি টিউবওয়েল ও বহু বালু বিক্রির রসিদ উদ্ধার করা হয়।
অভিযানে র্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ হাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলি, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নূর মোহাম্মদ, লালপুর ও সিংড়া থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা নেতৃত্ব দেন।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,“লালপুরের চরাঞ্চল ও পদ্মা নদীপথে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ অস্ত্র, মাদক, প্রতারণা ও অপরাধচক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।”
পুলিশের এ বৃহৎ অভিযান নাটোর জেলার সাম্প্রতিক সময়ের অন্যতম বড় আইনশৃঙ্খলা অভিযান হিসেবে উল্লেখযোগ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন